সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ কর্মরত মহিলা চিকিৎসকের ‘হত্যা’য় জড়িত দোষীদের শাস্তি চেয়ে আজ যৌথভাবে পথে নামছে বাম ছাত্র ও যুব সংগঠন। পরপর দুদিন এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দুি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন বাম ছাত্র যুব সংগঠন SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ” বেলা আড়াইটের সময় শ্যামবাজার থেকে এনআরএসের প্রবেশ দ্বার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হবে যৌথভাবে। একইভাবে পানিহাটিতেও একটি বিক্ষোভ মিছিল হবে।” তাঁর অভিযোগের তীর তৃণমূলের দিকে। তিনি বলেন ” তৃণমূলের মদতে রাজ্যের মেডিক্যাল কলেজে একটা নেশাচক্র চলে। বহিরাগতরা দাপিয়ে বেড়ায় মেডিক্যাল কলেজ গুলোতে। নূন্যতম নিরাপত্তা নেই কোথাও। এর আগে এই মেডিক্যাল কলেজ থেকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। কলেজের প্রিন্সিপাল ক্যাম্পাসে কম থাকেন। নবান্নে আর তৃণমূল ভবনে হাজিরা দেন বেশি।”
শুক্রবার বেলা এগারোটা নাগাদ R G KAR HOSPITAL-এ কর্মরত এক শিক্ষার্থী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই মৃত্যু ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সহকর্মীর মৃত্যুর তদন্ত চেয়ে কর্মবিরতি শুরু করেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, মৃতের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন মিলেছে। বিশেষজ্ঞদের অনুমান, ওই চিকিৎসক তরুণীকে হত্যা করার আগে ধর্ষণও করা হয়েছে।এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছেঁড়া ব্লুটুথ হেডফোনের অংশ ধরে তদন্তের কিনারা করতে চাইছে পুলিশ। ইতিমধ্যে সঞ্জয় রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ওই হাসপাতাল চত্বরেই দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে বাম যুব সংগঠনের শীর্ষস্থানীয় নেতানেত্রীরা। সেখানেই হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।