অধীরকে জেতাতে এককাট্টা শিক্ষকরা

Social Share

বিপ্লব মুখার্জী, বহরমপুরঃ মুর্শিদাবাদের শিক্ষকদের একটা অংশ নির্বাচনী প্রচারে নেমেছেন। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ওই শিক্ষকরা এককাট্টা হয়ে প্রচার করছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর হয়ে। হেভিওয়েট বহরমপুরে এবার তিন দল তৃণমূল, কংগ্রেস আর বিজেপি।

তিন দলের মধ্যে একমাত্র ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা। বাকি দু’জন বহরমপুরের ভূমিপুত্র। চিকিৎসক নির্মল সাহা বিজেপির প্রার্থী, মূল ধারার রাজনীতির অলিন্দে নতুন মুখ। ইউসুফ রাজনীতির মাঠে অনভিজ্ঞ। সেক্ষেত্রে একমাত্র পোড় খাওয়া সাংসদ অধীর চৌধুরী অভিজ্ঞ মুখ। একদিকে পাঁচ বারের সাংসদ। অন্যদিকে দেশের রাজনীতিতেও গ্রহণযোগ্য মুখ। তাঁকে ফের সংসদের অলিন্দে পাঠাতে তাই জোট বেঁধেছেন মুর্শিদাবাদের শিক্ষকরা।

আরও পড়ুনঃ কেন সরতে হল বহরমপুরের আইসি কে? অশান্তির আশঙ্কা তৃণমূলের

ওই শিক্ষকদের একাংশের দাবি অবশ্যই মূল দল সিপিএমের নীতির পক্ষেই। চলতি সপ্তাহের মঙ্গলবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের ভোট মিটে গিয়েছে। মুর্শিদাবাদ লোকসভা আসনের প্রার্থী মহম্মদ সেলিম লোকসভায় মুর্শিদাবাদের প্রতিনিধিত্ব করতে যে যাবেন সেই নিশ্চয়তার থেকেও মন টেনেছে সেলিমের নির্বাচনের দিন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, দাবি জেলার এক শিক্ষকের।

মিছিলে পা মিলিয়েছিলেন এবিটিএ প্রাক্তন জেলা সম্পাদক দুলাল দত্তও।

কথা প্রসঙ্গে ওই শিক্ষক বলছিলেন, ” অধীর চৌধুরী এইরকম সামনে থেকে লড়াই করেন। অন্যায়ের বিরুদ্ধে উদ্ধত মাথা তোলার সাহস মুর্শিদাবাদ জেলায় দেখাতে পারেন ক’জন নেতা? সেই কাজ সেলিম করে দেখালেন নির্বাচনের দিন। আর তারপর থেকেই মনে হয় জোশ পেয়েছে যেমন বাম কর্মীরা তেমনি কংগ্রেসের কর্মীরাও।” পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুখ্য উপদেষ্টা মহফুজ আলম ডালিম বলেন, “এবিটিএ-র শিক্ষকরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করছেন অধীরদাকে জেতাতে।”

বহরমপুরে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীকে জেতাতে সিপিএমের শিক্ষকদের সঙ্গে আজ বৃহস্পতিবার মাঠে নেমেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার শিক্ষকরাও। এর আগে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভায় তাঁদের যৌথভাবে প্রচার করতে দেখা যায়নি।

পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি পীযুষ কান্তি রায় বলেন, “রাজনৈতিক দল হিসেবে একসঙ্গে প্রচার করলেও শিক্ষক সংগঠন হিসেবে এই প্রথম আমরা একসঙ্গে ভোট প্রচারে নামছি। সিপিএমের শিক্ষক সংগঠনের সদস্যরা ভোট প্রচারের ব্যাপারে ভীষণ সক্রিয় ও আন্তরিক।” বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে শিক্ষকরা শিক্ষকরা খাগড়া চৌরাস্তা মোড়ে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন দুই সংগঠনের নেতারা।

শুনুনঃ জেলার ব্যবসার হালহকিকত

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা সম্পাদক গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন “এলাকার মানুষের কথা সংসদে পৌঁছে দিতে মহম্মদ সেলিমকে ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন মানুষজন। বর্তমান রাজ্য ও দেশের নিরিখে অধীর চৌধুরীকেও ফের সংসদে পাঠাতে চায় বহরমপুরের মানুষ। তাই আমরা শিক্ষকরা এক হয়েছি এলাকার মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিতে অধীর চৌধুরীর হয়ে ভোট প্রচার করতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights