সিপিএম নেতার মৃত্যুতে শোকবার্তা শাসকদলের

Social Share

বিদ্যুৎ মৈত্র, মুর্শিদাবাদঃ দীর্ঘ রোগভোগের পর বুধবার রাত ৯টা ২০ মিনিটে মৃত্যু হয় মুর্শিদাবাদের সিপিএম নেতা শেখর সাহার। এদিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। সরকারি কাজে শহরের বাইরে থাকায় তিনি প্রয়াত বাম নেতার শেষযাত্রায় অংশ নিতে পারেননি। তাঁর প্রতিনিধি হয়ে সিপিএমের জেলা কার্যালয়ে শোক জানাতে হাজির ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা।

প্রয়াত বাম নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বহরমপুর পুরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা

এদিন এক শোকবার্তায় নাড়ুগোপাল জানিয়েছেন, ” কমরেড শেখর সাহা তাঁর রাজনৈতিক জীবনে সিপি(আই)এম পার্টির প্রতি সর্বদা নিষ্ঠাবান ছিলেন এবং বহু গণ আন্দোলনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সিপি(আই)এম দলের অস্তিত্ব সংকটের সময় যখন সিপি(আই)এম দল করা অত্যন্ত কঠিন ছিল সেই সময় তিনি একক সাহস ও নিষ্ঠার সাথে কমিউনিষ্ট বন্ধুদের পাশে দাঁড়িয়েছিলেন। কমরেড শেখর সাহা আজীবন অবিবাহিত ছিলেন এবং তিনি সর্বদা দরিদ্র কমিউনিষ্ট বন্ধুদের নিঃস্বার্থভাবে উপকার করে গিয়েছেন। কমিউনিষ্ট বন্ধুদের কাছে তিনি একজন সাহসের প্রতীক। এই দুঃসময়ে আমি তাঁর পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি। এবং তাদের কঠিন মুহূর্তে শক্তি ও সাহসের প্রার্থনা করছি।”

পুরপ্রধানের শোকবার্তা

সংসদীয় রাজনীতিতে নাম না লেখালেও বাম জমানায় মুর্শিদাবাদ জেলায় শেখর সাহা ও সিপিএম ছিল সমার্থক। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনীতিতে প্রবেশ। পরবর্তী সময়ে দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হলেও শারীরিক অসুস্থতার কারণে বছর তিনেক ধরে তিনি দলগত কাজকর্মে নিষ্ক্রিয় ছিলেন।বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত সত্য ভবনে তাঁর মরদেহ শায়িত ছিল। পরে বাম নেতা কর্মীরা দলীয় কার্যালয় থেকে পুরনো কালেক্টরেট মোড় পর্যন্ত মিছিল করে গোরাবাজার পার্টি অফিস ছুঁয়ে খাগড়া শ্মশানে নিয়ে যান প্রয়াত নেতার শবদেহ। সেখানেই তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights