সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রাক্তন বিধায়ক তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসা করেছিলেন। তৃণমূলের একাংশের অভিযোগ উল্টে তাপসের হয়ে প্রচার করেছিলেন কুনাল ঘোষ। একইভাবে বহরমপুরের বাম-কংগ্রস জোট প্রার্থী অধীর চৌধুরীর একটি ভাইরাল হওয়া ভিডিও নিয়ে অধীর-বিজেপি’র আঁতাতের প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। যদিও প্রতিবেদন লেখার সময় তিনি দলের ওই পদে আর নেই। কুনাল ঘোষের মতামত দলের নীতির সঙ্গে সামঞ্জস্য নয়। লিখিতভাবে সেই কথা জানিয়ে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ওই পদ থেকে।
কী ঘটেছিল?
দলীয় প্রার্থী মুর্তজা হোসেন ওরফে বকুলের সমর্থনে মঙ্গলবার লালগোলার ধুলাউড়ি মাঠে অধীর চৌধুরী ও মহম্মদ সেলিমের জনসভা ছিল। সেই সভায় বক্তব্য রেখেছিলেন জাতীয় স্তরের দুই নেতাই। অধীর তৃণমূল ও বিজেপি’র সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন প্রায় ২৭ মিনিট। সেখানে প্রদেশ সভাপতি তাঁর এজেন্ডা অনুয়ায়ী তৃণমূল ও বিজেপি’র মধ্যে আঁতাতের অভিযোগ তোলেন। সিএএ, এনআরসি নিয়েও রাজ্য ও কেন্দ্রের শাসক দলের সমালোচনা করেছিলেন অধীর। আর তা সরাসরি অধীর চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। সেই ভিডিও থেকে ৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় বলে দাবি কংগ্রেসের। ভাইরাল হওয়া ভিডিওতে অধীরকে বলতে শোনা যায়, তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দিয়ে দিন (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ হাজারদুয়ারি)।
কুনাল কী বলেছিলেনঃ
তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র জাগোবাংলার ডিজিটাল পেজে বক্তব্য রাখেন অধীর চৌধুরীর ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে। তাঁকে বলতে শোনা যায়- ” অধীর চৌধুরীর মুখ থেকে শেষ পর্যন্ত গোপন আঁতাতটা বেড়িয়েই গেল। আমরা বারবার বলে এসেছি বিজেপি’র দুই ভাই সিপিএম আর অধীর চৌধুরীর কংগ্রেস আই। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপি’র হাত শক্তিশালী করা। ও কাজ করবেন না। অধীর চৌধুরী বিজেপি’র এজেন্ট বিজেপি’র দালাল।”
কংগ্রেস কী বলছেঃ
শুধু তৃণমূল নেতা কুনাল ঘোষ নয়। বিকৃত হওয়া ভাইরাল ভিডিও ছড়িয়ে পরে রাজ্যের সমস্ত টিভি চ্যানেল,ডিজিটাল সংবাদ মাধ্যমে। যা নিয়ে কার্যত অস্বস্তিতে পরে যায় কংগ্রেস। দলের পক্ষ থেকে প্রদেশ নেতা সৌম্য আইচ রায় এর প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলেন ” তৃণমুলের আইটি সেল চক্রান্ত করে গতকাল লালগোলায় কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন ( বকুল)- এর সমর্থনে আয়োজিত এক সভায় জননেতা অধীর চৌধুরীর বক্তব্যের আগের এবং পরের অংশ বাদ দিয়ে সোশাল মিডিয়া এবং মিডিয়াতে সম্প্রচার করছে। পুরো বক্তব্যটা শুনলে বোঝা যাবে অধীর চৌধুরী কি বলেছেন। তৃণমূল ও বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে আমরা ধিক্কার জানাই, এই ভাবে কংগ্রেস কে পরাজিত করতে পারবেন না, আর অধীর চৌধুরী কে আটকানো যাবে না। আমরা এই চক্রান্ত এবং ঘৃণ্য প্রচেষ্টার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
অধীর চৌধুরী কী বললেনঃ
বড়ঞাতে তাঁর প্রচার পর্ব শেষ করে অধীর চৌধুরী টেলিফোনে আমাদের প্রতিনিধিকে বলেন, “আমি বরাবর বলে এসেছি তৃণমূল ও বিজেপি মুদ্রার এপিঠ আর ওপিঠ। ধুলাউড়ির সভায় আমি যা বলেছি তার সমস্ত ভিডিও রেকডিং আছে। আপনারা প্রয়োজনে দেখতে পারেন। সেই ভিডিও বিকৃত করা হয়েছে। যাঁরা সেই ভিডিও ছড়িয়েছে তাঁদের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।” সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কুনাল ঘোষের মন্তব্যও তাঁকে জানানো হয়। তিনি বলেন, ” আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কোন চামচা কে কী বলল তার জবাব আমি দেব না।”
আরও পড়ুনঃ মেঠো ভাষায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন ভগবানগোলার Anju
অপসারণের পর কী বললেন কুনালঃ
অপসারণের কথা শোনার পর কুনাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য বলেন, ” আমার রাজনৈতিক পরিচয় থেকে এই ধরনের পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরেও কুইজ মাস্টার (ডেরেকে ও ব্রায়েন?) কী করে এইরকম প্রেস রিলিজ দেন জানি না।”