
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এলেন অসম এস টিএফের আধিকারিকেরা। সোমবার সকালেই আসাম পুলিশের একটি বাহিনী বহরমপুরে আসে। বহরমপুর সংশোধনাগারেই বন্দি আছেন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত তারিকুল ইসলাম ওরফে সুমন। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতের দ্বারস্থ হয় আসাম পুলিশের কর্তারা।
মুর্শিদাবাদ থেকে ধৃত আব্বাস আলি ও মিনারুল শেখ আনাসারুল্লা বাংলা টিমের সদস্য। তাদের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। দেখা করার কথা ছিল এবিটি প্রধান জসিমউদ্দিন রহমানির সঙ্গে। এমনটাই দাবি অসম পুলিশের। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমন জেএমবি জঙ্গী গোষ্ঠীর সদস্য। তাঁর সঙ্গে আলাপ হয় নাবালিকা নির্যাতন মামলায় একসময়ের বন্দি আব্বাস আলির।
প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি সুমনের কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু হয় আব্বাসের। জেলমুক্তির পর কেরালা থেকে ধৃত আর এক জঙ্গী শাদ রাডিকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার তারিকুল ইসলামের সঙ্গে দেখাও করে আব্বাস। বাংলায় নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল জঙ্গীদের। সেই সবই আরও বিশদে জানতে আজ তারিকুলকে আসাম নিয়ে যাওয়ার সম্ভাবনা।