
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সম্প্রীতির জেলা মুর্শিদাবাদে ধরা পড়ল বিভেদের ছবি। ঘটনাস্থল বহরমপুর।হিজাব পরে হাসপাতালে ডিউটি করা যাবে না। এই ফরমান জারি করেছিল বহরমপুরের একটি বেসরকারি হাসপাতাল। সেই ফরমান না মানায় গীতারাম হাসপাতালের এইচআর এক্সিকিউটিভ শঙ্খ চট্টোপাধ্যায় ওই হাসপাতালের নার্স সাবরিন আখতার বানুকে চাকরি থেকে ছাঁটাই করেন। সেই ঘটনাতেই শুরু হয়েছে জোর বিতর্ক। বিতর্ক গড়িয়েছে বহুদূর। সমাজমাধ্যমে সমালোচিত হচ্ছে বিষয়টি। সেই বিতর্কে রাশ টানতে শঙ্খকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান হাসপাতালের চেয়ারম্যান পঙ্কজ চৌধুরী।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাবরিন আখতার আড়াই বছর ধরে ওই হাসপাতালে চাকরি করছিলেন। প্রথম থেকেই তিনি হিজাব পড়ে ডিউটি করেন। কিন্তু কখনোই তাঁকে হিজাব খুলে হাসপাতালের নির্দিষ্ট পোশাক পরে ডিউটি করার কথা কেউ বলেননি। হাসপাতালের নতুন এই ফরমানে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান ওই নার্স। এমনকি হাসপাতালের নির্দিষ্ট পোশাকের ওপর হিজাব পড়বার অনুমতিও মেলেনি বলে সূত্রের দাবি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন কর্মরত শিশু বিশেষজ্ঞ মহঃ জসিমুদ্দিন শেখ বলেন ” সরকারি হাসপাতালে হিজাব পরা যাবে না বলে কোনও নিয়ম নেই। নির্দিষ্ট পোশাকের ওপর হিজাব পরা যেতেই পারে।”
তবে ঘটনাটি জানাজানি হতেই সর্বত্র নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতি দেখতে আসরে নামে প্রশাসনও। এই অবস্থায় সাবরিনকে কাজে পুনর্বহালের মেল পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শঙ্খ যে গর্হিত অপরাধ করেছে তাও স্বীকার করে নেন পঙ্কজ বাবু।