পুরকর্মীর বিরুদ্ধে পকসো মামলা, ষড়যন্ত্র বলে পথে নামল কংগ্রেস

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহরমপুর পুরসভার দুই মহিলা পুরকর্মীর বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুরসভার ওই দুই মহিলা কর্মীই কংগ্রেসের সক্রিয় কর্মী। কংগ্রেসের দাবি, কংগ্রেস করার অপরাধে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের মামলা করেছে তৃণমূলের পুরসভা।

পুরসভা সূত্রে জানা যায়, শিবানী সাহা দে ও গীতা চৌধুরী দীর্ঘদিন ধরেই পুরসভার অবৈতনিক স্কুলে শিক্ষকতা করতেন। তাঁদের বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় এদিন বলেন, ” বিষয়টি বিচারাধীন। এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না।”

কংগ্রেস তাঁদের দুই কর্মীর বিরুদ্ধে পকসো আইনে মামলা হওয়ায় মঙ্গলবার শহরে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী। তিনি বলেন, ” লোকসভা নির্বাচনের সময় তাঁরা অধীর চৌধুরীর নির্বাচনী এজেন্ট হওয়ায় প্রথমে তাদের বেতন বন্ধ করে দিয়েছিল পুরসভা। পরে আদালতের নির্দেশে সেই বেতন ফিরিয়ে দিতে বাধ্য হয় পুরসভা।”

তিন প্রশ্ন তোলেন, ” সেই সময় আদালতে এই অভিযোগ আনেনি কেন পুরসভা? ” তিনি বলেন ” আদালতে ওই দুই কর্মী জয়ী হওয়ায় এই ধরনের নিম্নরুচির অভিযোগ তুলে বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়ে ওই মহিলা কর্মীদের সম্মানহানি করেছে পুরসভা।” আর সেই মামলা প্রত্যাহারের দাবিতে কংগ্রেস পথে নেমেছে বলে জানান মনোজ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights