সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ রবিবার দুপুরবেলা হঠাৎ সরিয়ে দেওয়া হল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা সুমন সাহা ওরফে Bittuকে। তার জায়গায় জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি সিদ্দিক আলীকে সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান করা হয়েছে। Bittu যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকও। গত চার বছর ধরে একই পদে থাকলেও সুমনের কোনও ঘোষিত পদ ছিল না। অঘোষিত চেয়ারম্যান হিসেবেই এই দায়িত্ব সামলেছে Bittu। লোকসভা ভোটের মুখে কেন তাঁকে সরানো হল তা নিয়ে সদুত্তর মেলেনি কোথাও, যুব ও সোশ্যাল মিডিয়া টিমের মধ্যে অবশ্য থেমে নেই গুঞ্জন।
জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “রবিবার প্রদেশ থেকে জানানো হয়েছে সিদ্দিক আলীকে সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান করা হয়েছে।” সদ্য দায়িত্ব প্রাপ্ত সিদ্দিক বলেন, ” জেলা থেকে আমার নাম পাঠানো হয়েছিল। সেই নামেই শিলমোহর দিয়েছে রাজ্য।”কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সভাপতি অশোক ভট্টাচার্য্য বলেন,”এটা রুটিন মাফিক করা হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে সকলকেই দায়িত্ব নিতে হবে। সুমনও এরমধ্যে আছে।” Bittu অবশ্য বলেন, “এই বিষয়টি আমি সোশ্যাল মিডিয়া মারফৎ জানতে পেরেছি। আমার মনে হয় দলের মনে হয়েছে আমার থেকে অন্য কেউ এই দায়িত্ব ভাল সামলাতে পারবে। তাই নতুন কাউকে দায়িত্ব দিয়েছে।”
এমনিতেই চলতি বছরের লোকসভা নির্বাচনে বহরমপুর আসনের দিকে তাকিয়ে গোটা দেশ। সময়ের দাবিতে সোশ্যাল মিডিয়া আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই সময় একটি সাজানো টিমের রদবদল কী প্রভাব ফেলবে নির্বাচনে? অশোক বলেন, ” আমরা সবাই অধীর চৌধুরীর সৈনিক। সবাই তাঁকে জিতিয়ে আনার জন্য ঝাঁপিয়ে পড়ব। আমার মনে হয় Bittuও তার ব্যতিক্রম নয়।” সিদ্দিক বলেন,” আমাদের বুথ স্তরের সংগঠনকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে Bittuকে।” Bittu অবশ্য বলে আমাকে এইরকম কোনও দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমার জানা নেই।”