মীনাক্ষীর নাম জড়িয়ে নবান্ন অভিযানের ডাক, প্রতিবাদ করলেন বাম যুবনেত্রী

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামক একটি গোষ্ঠী। কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না থাকলেও ওই ছাত্রদলের পিছনে বিজেপির মদত রয়েছে বলে সূত্রের দাবি। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাত্র সমাজের ডাকা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি না নামলেও আন্দোলনকারীদের চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সেই আন্দোলনেই বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও অংশ নেবেন বলে প্রচার করা হয়েছে বলে অভিযোগ।

যদিও এই দাবির কোনও সত্যতা নেই। জনমানসে বিভ্রান্তি তৈরি করতে এই অনৈতিক কাজ করা হচ্ছে বলে ফেসবুক লাইভ করে পরিস্কার জানিয়ে দিলেন যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, “এই কর্মসূচির সঙ্গে আমাদের অর্থাৎ SFI-DYFI-AIDWA-র কোনও সম্পর্ক নেই। এই কর্মসূচি নিয়ে আমি বা আমরা কেউ বিস্তারিত জানি না। জানার কথা নয়। বামপন্থী কোনও সংগঠনের সঙ্গে এই কর্মসূচির কোনও যোগাযোগ নেই। আরএসএস, ভিএইচপি বা ছাত্রসমাজের ফাঁদে পা দেবেন না। আমাদের আবেদন।”

আরজিকর হাসপাতালে নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে প্রথম দিন থেকেই সরব বাম যুবরা। নাগাড়ে একপ্রকার নিরবিচ্ছিন্নভাবে তাঁরা নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছেন। রাজনৈতিকভাবে সেই আন্দোলনের ফায়দা তুলতে সক্রিয় হয়েছে বিজেপিও। এদিন মীনাক্ষীও বলেন, ” এই লড়াইকে ভাঙার জন্যই বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা তৈরি করা হয়েছে বলে আমার মনে হয়।”

আরও পড়ুনঃ মিছিল মিটিং ছাড়াও রঙে রেখায় আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদ বহরমপুরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights