
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ভিন রাজ্যে পরিযায়ী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্র ও শনিবার উত্তাল হয়েছিল বেলডাঙার একাধিক এলাকা। তার জের পড়েছিল রেল স্টেশনেও। দীর্ঘ সময় রেল অবরোধে আটকে ছিল ট্রেন। আজ শনিবার অবরোধের নামে বেলডাঙা রেল স্টেশনে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ভেঙে ফেলা হয় লেভেল ক্রশিং। বেলডাঙায় দিন দুয়েক ধরে যে অশান্তি চলে তাতে এনআরসি ইস্যূর স্মৃতি ফিরে আসে জেলাবাসীর।
ঝাড়খণ্ডে কর্মরত আলাউদ্দিন শেখের অস্বাভাবিক মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা ভিন রাজ্যে কর্মরত পরিজনদের সুরক্ষার দাবি তোলায় শুক্রবার উত্তাল হয় বেলডাঙা। বিহারের ছাপরা এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয়। তার প্রতিবাদে আজ বিক্ষোভ থেকে হিংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হন কালকের প্রতিবাদীদের একাংশ। বড়ুয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। একই ঘটনার পুনরাবৃত্তি হয় রেল স্টেশনেও। বন্ধ হয়ে যায় শিয়ালদহ-লালগোলা শাখায় রেল চলাচল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই শাখায় সাময়িক রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্বরেল।

একটা লম্বা সময় চুপ ছিল মুর্শিদাবাদ পুলিশ। নাগাড়ে প্রশ্ন উঠতে শুরু করে পুলিশের গোয়েন্দাবাহিনীর ভূমিকা নিয়ে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্রমাগত চাপ বাড়াতে থাকে বিরোধী রাজনৈতিক দলগুলিও। অবশেষে সক্রিয় হয় পুলিশ। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ছত্রভঙ্গ করা হয় জনতাকে। অবরোধ তুলতে বল প্রয়োগ করে আরপিএফও। ব্যাপক ধরপাকড় শুরু হয়। পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ” তিরিশজনকে গ্রেফতার করা হয়েছে”।
তারপরে জাতীয় সড়ক দিয়ে স্বাভাবিক গতিতে যান চলাচল শুরু হয়। অবরোধ উঠে গেলে রাত সাড়ে ন’টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে বহরমপুর স্টেশন সূত্রে জানা যায়। এদিকে সমাজ মাধ্যমে ক্রমে রটে যায়, উত্তপ্ত পরিস্থিতির জেরে কোনও ট্রেনের চাকা আপাতত গড়াবে না বেলডাঙা দিয়ে। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক শিব্রাম মাজি বলেন, ” পরিস্থিতির জন্য রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু একেবারে চলবে না বা বন্ধ রাখা হয়েছে এইরকম বিভ্রান্তমূলক কথা রটে যাওয়া দুর্ভাগ্যজনক । এইরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি পূর্ব রেলের পক্ষ থেকে।”