দাবি পাল্টা দাবিতে সরগরম বহরমপুর

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ অভিযোগ, শনিবার রাতে বহরমপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে শ্লীলতাহানির ঘটনা ঘটে। যা নিয়ে নির্বাচনের আগের দিন সরগরম হল বহরমপুর। বহরমপুর লোকসভার বাম-কংগ্রেস জোট প্রার্থী অধীর চৌধুরী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। রবিবার স্বপার্ষদ ঘটনাস্থলে গিয়ে পাল্টা কংগ্রেসর দিকে আঙুল তুললেন পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়।

এলাকায় গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের কাছে দুষ্কৃতীদের সম্পর্কে জানতে চান। এলাকাবাসী তাঁকে বলেন তৃণমূলের কিছু মানুষ তাঁদের আবাসন থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। নাড়ুগোপাল বলেন, “কারোর ক্ষমতা নেই আবাসন থেকে বের করবার। যারা তৃণমূল দলের নাম নিয়ে এই ধরনের দুষ্কৃতি করছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” .

আরও পড়ুনঃ চোকার্স তকমা পাচ্ছে বিজেপি ?

সেক্ষেত্রে নিতাই গৌড় নামে এক ব্যক্তির নাম উঠে আসে। নাড়ুগোপাল বলেন, “নিতাই অধীর চৌধুরীর লোক। আমাদের লোকেরা এই ধরনের কথা বলে না।” জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত বলেন, ” নিতাই গৌড় আগমার্কা তৃণমূলের লোক এলাকাবাসীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। আর এই কথা যদি নাড়ুগোপাল বলে থাকেন তাহলে আজ যাঁরা তাঁর হয়ে গলাবাজি করছেন তাঁদের বলব দেখে শিখুন। কাল আপনিও অন্য দলের লোক হয়ে যাবেন। আসলে তৃণমূলের লোকজন অকাজ কুকাজ করলেই তারা কংগ্রেসের হয়ে যায়। নাড়ুগোপালও একদিন কংগ্রেসের ছিল। কিন্তু জেলা কংগ্রেসের মুখপাত্র হয়ে বলতে পারি নিতাই গৌড় কোনওদিনই কংগ্রেসের ছিল না।”

তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেনি জানিয়ে নাড়ুগোপাল বলেন, “পাড়া প্রতিবেশীর ঝামেলা। যিনি থানায় অভিযোগ করেছেন তিনি বলেছেন কংগ্রেসের এক কর্মী তাঁকে জোর করে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে। এটা মনে রাখতে হবে অধীর চৌধুরী মেয়েদের নিরাপত্তার ইজারা একাই তুলে নেননি। বহরমপুর শহরে গত চল্লিশ বছরে কোনও নারী নির্যাতনের ঘটনা ঘটেনি। এখন মেয়েরা নিজেরাই স্বয়ংসিদ্ধা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারে।”

জয়ন্ত পাল্টা বলেন, “ঘটনার সময় নাড়ুগোপাল কোথায় ছিলেন? আপনার পুলিশই তো ঘটনার তদন্ত করেছেন। বয়ান রেকর্ড করিয়েছেন। তাহলে পুলিশও মিথ্যে বলছে। আসলে ওপর দিকে থুতু ফেললে মাথারও ওপরেই পরে সেটা ভুলে গিয়েছেন উনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights